Total Pageviews

Tuesday, September 12, 2017

অথ গাধা-রচিত

ধরো এখন একটা আনকাট গাধা
তোমাদের কবিতা শোনাচ্ছে

সে বলছে সাদা পৃষ্ঠা থেকে মুখ তোলো
দেখো ফুলের উপর একটা প্রজাপতি বসেছে

প্রজাপতিটা কালো হতে পারে হলুদ হতে পারে
অথবা অন্য কোনো রং সচরাচর যেমন হয়

ওর রং নিয়ে তর্ক করো না
ওর ধর্ম নিয়ে প্রশ্ন তুলো না

চুপচাপ দেখে যাও একটা প্রজাপতি
বসে আছে ফুলের উপর

যাদের হাতে অ্যানড্রয়েড তারা দেখো
যাদের নাম কাটা গেছে
ভোটার লিস্ট থেকে
         তারাও

সে কোনো দেশনেতা মন্ত্রী বা সেলেব নয়
একটা সামান্য গর্ধভ বলে যাচ্ছে এসব কথা

ধরে নাও এটাই তার কবিতা 

Sunday, September 10, 2017

মোহ-মুদগর

পুরোন কাঠখোদাইয়ে দেহ ভাসিয়ে
কতখানি ভাঙাতে পেরেছি বুকের মোহর

ঘরের যে দেয়ালে আয়না প্রতিষ্ঠিত
দেখি সেখান থেকই উৎসারিত
               অনন্ত গুজব

দেই সব গুজবেই তো ভেসে চলে
অ-আ-ক-খ জনিত যত তাপ
দশ-আঙুলের সংকোচন ও প্রসারণ

দোলপূর্ণিমার ভেজা-ঘাসে
কয়েকটি খরগোশও ছুটে যায়

ও খরগোশ ও দেশান্তরের মাটি
আমার নেশার দিকে আজ
এ কোন আকাশ ছুড়ে মারো
যেখানে শুধু মোমের আলো গায়ে মেখেই
জ্ঞানকোষের আঁধার থেকে
খসে পড়া চুম্বনগুলি অঙ্কুরিত হল

শরীরে আবার মোহ-মুদগরের পোশাক চাপিয়ে
আঁশবেলার ব্যালকনিতে এসে দাঁড়ায়ে থাকি


নতুন কোনো সর্বনাশের রেসিপি শিখতে 

Tuesday, September 5, 2017

প্রস্তর-ব্রত

তুমি আর আমি মুখোমুখি
চোখে চোখ
মুখে কোনো কথা ছিল না

তুমি আর আমি মুখোমুখি
দুজনে দুজনের প্রতি বিশ্বস্ত
ভেঙে পড়িনি কোনোদিন

তুমি আর আমি মুখামুখি
হাতে হাত
কখনো শিথিল হয়নি মুঠো

সেই ভয়ংকর বিপদের দিনে
তুমি আর আমি মুখোমুখি

যেন একই পাষাণের দুটো ফোঁটা 

Monday, September 4, 2017

ঘাসমাটির মহাকাব্য

প্রগাঢ় গার্হস্থ্যের পাশে এই বিকেলবেলাটি
ঠিক কতখানি সুন্দর হল বলো

তার একান্ত গভীরে এই যে
কঞ্চির বেড়ার গায়ে ফুটে আছে
এত উজ্জ্বল ঝিঙেফুল
তাদের ওই হলুদ রং কতখানি  মানবিক হতে পারে

তারা কি পারবে আজ বৌদ্ধ-গুম্ফার পাশে ঘটে যাওয়া 
এত নিরীহ মানুষের হত্যাকাণ্ড নিয়ে
কোনো বিশুদ্ধ কবিতা লিখতে 

তাদের কলম কি সক্ষম হবে 
এত সন্ত্রাস এত বীভৎস এত রক্ত 
আর ছুটে পালাতে চাওয়া মানুষদের
বাঁচার জন্যে এত আকুলতা
                                   ও হতাশা
অহিংসার আঁচড়ে আঁচড়ে
এ সবকিছুই ঠিকঠাক ফুটিয়ে তুলতে


যদি পারে তাহলে ঘাসমাটির সুখ দুঃখ
এবং খোলাকুচির আলোছায়া

হয়ত আরো একটা মহাকাব্য পেয়ে যাবে

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...