Total Pageviews

Saturday, March 21, 2020

কবিতা ইন দি টাইম অফ কোভিড


সকাল থেকে শুধুই দুঃসংবাদ
খবর দেখতে ইচ্ছে করছে না  
আবার না দেখেই বা থাকি কী করে
এই মৃত্যু মিছিল থামবে করে, জানি না,
মাথার মধ্যে ভোঁ ভোঁ করছে ভালোবাসা

‘মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি’
বলার মধ্যে যে আবেগটা থাকে
বাস্তবে মারি নিয়ে ঘর করতে গিয়ে
তা কোথায় যেন হারিয়ে যায়

বুকের ভেতর কেমন একটা ভয়, একটা আতঙ্ক,  
মনে পড়ছে সিরাজউদ্দৌলা নাটকের সেই সংলাপ
‘বাংলার আকাশে বাতাসে আজ…’, শুধু বাংলা নয়
আজ তো বিশ্বের আকাশে-বাতাসেই দুর্যোগ

সংবাদে আরো জানছি, প্রতি একশো বছরে পৃথিবীতে
এমন মহামারি আসে, তিনশো বছর আগে
এসেছিল বুবোনিক প্লেগ, মারা যায় ১ লাখ মানুষ
দুশো বছর আগে কলেরা, সেখানে মৃত ১ লাখের বেশি
একশো বছর আগের স্প্যানিশ-ফ্লু ছিল সব চেয়ে ভয়ংকর
              মৃতের সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে যায়
ভাবি, ১০০ বছর পরের মানুষ কি ভাববে
     আজ এই ২০২০-তে কী ভাবে টিকে ছিলাম আমরা

মাথার মধ্যে এইসব সংবাদ, আর বুক-পকেটের নীচে  
অজস্র আলফা এবং ওমেগা নিয়ে ঘুরে বেড়াই  
তবু বাঁচি, প্রতি মুহূর্তে বাঁচি, আশা নিয়েই বাঁচি

অপেক্ষা করে থাকি কোনও এক সকালের
যেদিন বেজে উঠবে মন-ভালো করা সেই গান—
              ‘আহা কী আনন্দ আকশে বাতাসে’  

Friday, March 13, 2020

2bhk-3bhk


2bhk-এতে লেখা কবিতা থেকে 3bhk-এতে লেখা কবিতা
কিছুটা আলাদা হবে, সেটা জানি
কিন্তু কতটা, সেটা কি এই ফাঁকাতে দাঁড়িয়ে বোঝা যায়
যেখানে আনমানুষের চলনপথে ছড়িয়ে আছে
               অক্ষরজ্ঞানহীন পারঘাটার চোখের জল

এবিষয়ে আমার কোনও সিদ্ধান্ত নেই,
সিদ্ধান্তহীনতায় ভোগার কষ্টও নেই                                                                                       
আমার চারপাশে অনেক নিরিবিলি কিলবিল করে
তাদের মাথাতে শরীরের সব মাংস উপুড় করে দিয়েছি

চলাফেরায় স্বছন্দ এনে চুপিচুপি লুকিয়ে ফেলেছি
খেন্তি-পিসির বয়াম থেকে চুরি করে আনা কুলের আচার

ঢেঁকি-ছাঁটা চালের ভাত খেয়ে এখন আমার
কেলে-কুচ্ছিত আনন্দেরা
              নিজেদের মনেই খেলা করে
                     কচুপাতায় টলমল বৃষ্টিফোঁটার সঙ্গে  

Wednesday, March 11, 2020

কাল মধুমাস


বঙ্গভূমির মাঠ-ঘাট-প্রান্তরে
বসন্ত এখন সগৌরবে চলিতেছে

ফাল্গুনের হাওয়ায় কেমন যেন একটা হিরো হিরো ভাব
কিন্তু আমি তো কোনোকালেই হিরো ছিলাম না রে বাপ,
           যখন হিরো হবার বয়স,
     তখন দেওয়া হয়েছে হিরোর জ্যাঠামশাইয়ের পার্ট

আর এখন তো সত্যি সত্যিই হিরোর দাদু

তাতে করে কি
বসন্তের খাতা থেকে আমার নাম কাটা যাবে

কী জানি, তাই যদি হয়
তাহলে আর কীই বা করার আছে

বরং সজনে খাড়া চিবিয়ে চিবিয়েই
পার করে দিই একটা বসন্তকাল

আর গোপন অভিসার যদি খুব ঠ্যালা মারে
তখন নাহয় একটা ছদ্মনাম গায়ে চাপিয়ে
                     কবিতা লিখবে

Sunday, March 8, 2020

আড্ডা-গল্প-তাসখেলা

আড্ডা-গল্প-তাসখেলা
আড্ডা মারতে মারতে,
চা খেতে খেতে
বিড়ি টানতে টানতে,
তাস পিটতে পিটতে,
বাতকম্ম করতে করতে
কত গল্প তৈরি হচ্ছে ,
চাষেবাসে লাভ-লোকসানের
বোরোধানে চাপান দেবার গল্প,
অসময়ের বর্ষায় আলুচাষের দফারফার গল্প,
বিকেলের ঝড়ে বিয়ের প্যান্ডেল উড়ে যাবার গল্প
যাদের আড্ডা সেখানে চাষি আছে, খেতমজুর আছে,
কল-মিস্ত্রি, রাজমিস্ত্রি, গরু-পাইকের,
ফিরিয়ালা, স্কুল-মাস্টার, বেকার-ছেলে আছে
কিছু চোর-বাটপার-মাতাল-লম্পটও আছে
তাদের আলোচনায় দিল্লি হাঙ্গামা নেই
সিএএ-এনআরসি নেই, রবীন্দ্র-দূষণ নেই,
করোনা-ভাইরাস নেই,
সংস্কৃতি-অপসংস্কৃতির বালাই নেই
কিছু মুখ-খারাপ আছে, কাঁচা খিস্তি আছে
কেউ চুপচাপ, কেউ মুখর
সারাদিন কাজ করে বিকেলে আড্ডা মারে
মুদির-দোকানে চায়ের-দোকানে গাছতলায়
বিকেল সন্ধে এভাবেই কেটে যায়
কিছু মানুষের, শহর থেকে বহু দূরে
এক গ্রামে

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...