আড়বাঁশির মাথায় এক টুকরো আকাশ গজিয়েছিল
তাকে মুখস্থ করেছিল আমার বুড়ো বাপ
তারপর অনেকটা রাস্তা হেঁটে এসে ক্লান্ত কাঠবিড়ালিরা
রণ-পায়ের আঁচলে বেঁধেছিল সোঁদামাটির গল্প
এসব ঘটে গেছে অথবা ঘটবে, তা জানি না
তবে পাকা ধানের
হলুদ শীষে
অনেক গন্তব্যই আজ নুয়ে পড়েছে
এখন মৌরোলা-ঠোঁটে চোঁয়া-ঢেঁকুর-তোলা চোরাস্রোত চুমু বিলোয়
এখন একটা সদ্য-ফোটা হাতবোমার জন্যে
অতসীবালার
প্রেম-ভালোবাসা উথলে ওঠে
আধশোয়া নদীর গা থেকে গরম গরম পিপাসা শুষে নিয়ে
কাটাঘুড়ির রক্তমাংসে আবার ছড়িয়ে যায় মোহজাল
দুপুরের হেঁসেলে
দু-মুঠো ভাতকে বসিয়ে রেখে আমিও তাই
ভোরের আত্মা
দিয়ে মেয়েলি হাতের তাপমাত্রা মাপি