Total Pageviews

Thursday, January 26, 2017

উর্বর ডিগবাজিগুলি

উর্বর ডিগবাজিগুলি

ঢ্যাঙা হাবিলদারের বউ
তার আঁচল-ভর্তি এত জেলিফিস কেন

কেন কেন কেন

অন্ধকার বনপলাশির অঢেল নীরবতা
সেখানে মনকেমনের এত শহিদ হবার সুযোগ কেন

কেন কেন কেন

এক ছাদ-ফুটো আটচালায় বসে আমি তো
মিলারেল-প্রেমের তপস্যায় গতর ঢেলে দিয়েছি

সেখানে গাব্বুখেলার চারপাশে ছোঁক ছোঁক করছে
হলুদ পাখিদের ন্যাকা ন্যাকা ভেদবমি

আমার আত্মবিশ্বাসের জেরক্স-কপি কি তবে
ডুবজলে নেমে হি-হি নগ্নতার শরণ নেবে

ছৌনাচের গর্ভজাত উর্বর ডিগবাজি কিছু
                যদি তবু হাতে থেকে যায়

যদি তবু অভাবের চিত্রনাট্যে নাচে স্বভাবের লাউ-পরব

আমি অবশ্য তখন আর
কোনো ডিম-পাইকেরের অধীন নই 

সকালের পবিত্রতার শরীর জুড়ে  
আমার এত খামচাখামচিই বা কেন
                   কেন কেন কেন

অবেলার নদীঘাটে কেন রে মন ডুগডুগি বাজিয়ে বলিস

জীবন রে ও জীবন ছাড়িয়া না যাস মোরে 

Wednesday, January 25, 2017

ছ্যাঁকা-বিপ্লব

ছ্যাঁকা-বিপ্লব

রাস্তার পাশে হঠাৎ মাথা-তোলা বুগেনভেলিয়া
পথচলার লীলাভাষ্যে কিছু বাড়তি রঙ

ধাবার গল্পগুলি সব শোনা হয়ে ওঠে না

ভাতকাপড়ের গার্হস্থ্যে বিস্তর পড়াশোনা শেষ হল
ঢোলকলমির ওকালতনামায় বাকি রয়ে গেল
সইদের সঙ্গে এলাডিং-বেলাডিং

এখনো কারো কারো অবিবাহিত-হাসিতে
মাঝে মাঝে ছ্যাঁকা-বিপ্লব এসে জোটে

দুশ্চরিত্র মাঝরাতে
রসকুণ্ডের ভরা দেহে


মাঝে মাঝে হাজির হয় ছেঁচকি-বিপ্লব 

Tuesday, January 24, 2017

অফিসিয়াল যৌবন

অফিসিয়াল যৌবন  

আধপোড়া সিগারেট ও সাবেক স্লেট-পেন্সিলে
প্রতিধ্বনিত রাতগাজন

আলপনাগুলি চলে যাচ্ছে
নাভি থেকে সমুদ্রে  

অমসৃণ ফু্সফুস নিয়ে ঘোড়াগুলি পরিচিত হচ্ছে
বাসরঘরের গা থেকে খসে পড়া পালকের সঙ্গে

মুচকি হাসিতে দূর-পাল্লার
ছুঁয়ে আছে বিষণ্ণ

শীতবেলার কম্বলধারী এসো
এই মগজধোলাইটির গালে চুমু খাও
  
জাহির করো নিরামিষ ব্রহ্ম
জাহির করো ভ্যানিলা আইসক্রিম

শাঁখা-সিঁদুরে লেপ্টে থাকা পতিব্রতা সময়
মুখ মুছে নেয় ব্যাভিচারী রুমালে

লম্পট-পূর্ণিমার চাঁদও মৃদু হাসে

ফুল ও প্রজাপতি মার্কা থরথর রিলেশন
নাইটগার্ডের মুখে কী করে এত বিবর্ণ ঘষে দেয়

চোখের কাজলে ডালপালা মেলা নদীর প্রবাহ
মল্লিকাবনে কিছু পালতোলা তাণ্ডব দিয়ে গেছে

মশারির ভিতর বিস্তর সোঁদামাটি জল

আমার আনুষ্ঠানিক অস্তিত্ব
ঝুড়ি ঝুড়ি খুন হয়ে যায়  

ঝড়ের রাতে আমি পড়ে ফেলি
হাইব্রিড অন্ধকারের যাবতীয়
মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত এবং ভেদবমি

বালিখাদের সঙ্গে হালি-রোদের খুনসুটি জুড়ে  
খোদাই করা প্রেম পাথর পোয়াতি হল

লোডশেডিংযে মাখামাখি লাভস্টোরি

বাটি-চচ্চড়ি ও ঝিঙে-পোস্ততে
নাচে গায় আঁচল ওড়ায়

জলজোনাকির অফিসিয়াল যৌবন  

Thursday, January 19, 2017

টোটাল প্রবজ্যা

টোটাল প্রবজ্যা

টোটাল প্রবজ্যায় আছি

নীল-প্রহরের বর্ণমালায়
হুন-পাখিরা শুভেচ্ছা বিলোচ্ছে

আলুসেদ্ধর প্রস্থচ্ছেদে
ম ম করছে রিংটোন

গলায় আটকে গেছে
একটা বেঁচে থাকা

কিছুতেই নিজেকে
মৃত বলে ঘোষণা করতে পারছি না  

এই তো যৌন-পঞ্জিকা মতে চকোলেট তিথিতে
আলজিভ বেয়ে হাঁটা দিল জৌনপুরী

ওই যে সানগ্লাসে ভেসে ওঠা বেবিকর্নে
ক্রমশই প্রশস্থ হচ্ছে ব্রোকোলির
                   আগুন পথ  

             আমার দশ আঙুলে
মিড-ডে মিলের ব্যাকরণ ঘেঁটে তুলে আনা
বিস্তর আবির-মাখানো ক্যারিকেচার

আপাতত গোলকিপারের প্রেমটিকে মিউটেশন করে
এইসব নদী বারাব্দা ও ওড়না

টালমাটাল নৌকোতে কেটে যাচ্ছে
আমার সারাটা দিন

পদ্মপাতায় মোড়া কামরাঙার আলোয়
আমার ধূসরতাগুলোও খুব আগোছালো  

বিশ্বায়নের টেস্টি টেস্টিতে
            আমি পরিবেশন করছি


          মহা-আদিমের গরম গরম থাবা

Saturday, January 14, 2017

অনাবাদী

অনাবাদী

পচা-ভেলিগুড়ের হলফনামা ঘাঁটলেই জানতে পারবে
ফুল ও প্রজাপতির পাশের জমিতে
এখনো অনাবাদী রয়ে গেছে কত কত ডাংগুলি খেলা

আমিই তো সেই চ্যালাকাঠ যে পকেটে
মহানায়কের ডায়লগ নিয়ে ঘুরে বেড়ায়
আর সুন্দরী মেয়ে দেখলেই তা উগলে দেয়


তবুও তো কোনো নায়িকার মন ভেজে না
  
আমি যে ঈশ্বরের পত্ররন্ধ্রে ডানা-ঝাপটানো
         এক চিরকেলে ডেলি-প্যাসেঞ্জার

তবে যদি চাও চন্দ্রাহত চুইংগামে
আমি মিশিয়ে দিতে পারি  
                      রাইফেলের ঋতুস্রাব

পকেট-চিরুনির লংড্রাইভে
ঠেলাগাড়িতে ফিরি করে বেচে দিতে পারি এই মুখস্ত-মগজ

এখন বলো আমার এইসব শব্দ-দৈত্যর আড়াল থেকে কি
শীতকালের এক থুত্থুরে বুড়ো উঁকি মারছে

একথা শুনেই তোমরা হাসতে হাসতে দেখিয়ে দিচ্ছ
 হালি-পোয়াতির ভাস্কর্যে
অই যে ওত বিধুমুখী শূন্যতা


ওরে বাবা ওখানে যাব না ওখানে অনেক কিছু হয়  

Thursday, January 12, 2017

দেবী



দেবী

কে বললে আমার কোনও ঈশ্বর-বিশ্বাস নেই

যে ভগবান পুঁটিমাছের টক পছন্দ করেন
আমি তাকে খুব করে মানি

আমি বিশ্বাস করি খোলামকুচির আশীর্বাদে
মুড়োঝাঁটার বিবেক জেগে উঠলে
সে আমাকে চুমু খাওয়া থেকে বিরত হবে

জাল-মার্কশিট ও হালকা উলুধ্বনি ঠেলে ঠেলে
আপাতত আমাদের যেতে হবে
জলডুংরি পেরিয়ে ফুলডুংরির দিকে  

আর একটু পা চালিয়ে ও ভাই গোলাম হোসেন

এভাবেই আমাদের বুঝে নিতে হবে
দেবী কী ছিলেন আর কী হইয়াছেন

Tuesday, January 10, 2017

পথের আলাপ



পথের আলাপ

ছায়ার আদরে ডালিম-সংকেতটিকে ডিকোড করলে
কীর্তনাঙ্গে নববধূর লজ্জা আর বেশি দূরে থাকে না

কত কাক আসে যায় কত ঘুঘু ডাকে   
নদীঘাটে দুপুরের খেলা চলে আবহমান

সুদূরের পিপাসায় পথের আলাপ থেকে
হৃদয়ের কথা @10p/min

পানপাতায় কাঁপে ঝড় ও রোদ
আরতির স্রোত ছুঁয়ে যায় রতিরঙ্গ   

Monday, January 9, 2017

পেসমেকার-বসানো পঙক্তিমালা



পেসমেকার-বসানো পঙক্তিমালা

ঝিনুক-দামে কেনা একটা জীবন
এক-রকম গাঁজাখুরি করেই কেটে গেল

দইয়ের-ভাঁড় হাতে নিয়ে আরেকটা জীবন
মেতেছে ম্যাচ-ফিক্সিংযের খেলায়  

কাঁথাস্টিচে-মোড়া হে শহরতলি
কেন এত ধ্বংসবিদ্যা শেখাও

আমার জগন্নাথের মাথা-ভর্তি টাক
বদহজমের হাজার ফিরিস্তি নিয়ে
জল পুড়ছে
              নেশা পুড়ছে
                 সাদাপাতাও পুড়ছে

আমার আয়ুরেখার অনুবাদে
উঠে আসছে খানিক একলা-জ্বর

পেসমেকার-বসানো থ্যাঙ্কুগুলো শুধুই হোঁচট খাচ্ছে
কিছুতেই পৌঁছতে পারছে না তালশাঁসের ভেতরঘরে

আমি এখন S/C-কোটায় ভগবানকে ডাকছি

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...