অনাবাদী
পচা-ভেলিগুড়ের
হলফনামা ঘাঁটলেই জানতে পারবে
ফুল ও
প্রজাপতির পাশের জমিতে
এখনো
অনাবাদী রয়ে গেছে কত কত ডাংগুলি খেলা
আমিই তো
সেই চ্যালাকাঠ যে পকেটে
মহানায়কের
ডায়লগ নিয়ে ঘুরে বেড়ায়
আর সুন্দরী
মেয়ে দেখলেই তা উগলে দেয়
তবুও তো
কোনো নায়িকার মন ভেজে না
আমি যে
ঈশ্বরের পত্ররন্ধ্রে ডানা-ঝাপটানো
এক চিরকেলে ডেলি-প্যাসেঞ্জার
তবে যদি
চাও চন্দ্রাহত চুইংগামে
আমি মিশিয়ে দিতে পারি
রাইফেলের ঋতুস্রাব
পকেট-চিরুনির লংড্রাইভে
ঠেলাগাড়িতে
ফিরি করে বেচে দিতে পারি এই মুখস্ত-মগজ
এখন বলো
আমার এইসব শব্দ-দৈত্যর আড়াল থেকে কি
শীতকালের
এক থুত্থুরে বুড়ো উঁকি মারছে
একথা
শুনেই তোমরা হাসতে হাসতে দেখিয়ে দিচ্ছ
হালি-পোয়াতির
ভাস্কর্যে
অই যে ওত বিধুমুখী শূন্যতা
ওরে
বাবা ওখানে যাব না ওখানে অনেক কিছু হয়
No comments:
Post a Comment