Total Pageviews

Saturday, December 23, 2017

কিছু কিছু জিজ্ঞাসাহীন

অস্ফূট পাণ্ডুলিপি-খচিত নদীর পাতায়
হাইস্পিড মরুভূমির উজান-ভাটিতে
অথবা নৃত্যপটু কাঁচালঙ্কার বাগানবাড়ি জুড়ে 
         ওই যে বোঁদে-মুড়ির বহুবর্ণ ছলাৎ
             ওই যে বাঁক-ভর্তি চুমু ও চুমুকের
                      শিহরিত অটোগ্রাফ

    ও ভেক-গর্জন ও মদমত্ত দাদুরি্র বোল-বোলাও
মৃদু খননের বশীভূত নারীকে ডেকে বলো
তার ভরাকোটালের টালমাটাল আঁকড়ে
         আমি আরো খানিক জ্বলে-পুড়ে যাবো
            
ভরা-কোটাল মরা-কোটাল
                 কাঁঠালি-মেঘে বউ-কথা-কও  
         চেনা-অচেনা দারুচিনি দ্বীপের ক্ষেত্রানুসন্ধান

চায়ের পেয়ালা হাতে
    জেহাদি দুব্বোঘাসের এত ভাবুকতা
         এত সিগারেট এত সন্তান-সন্ততি
    কে জানে কার পুঁতি-মালার প্রোফাইল
কে জানে কার গর্ভ-রহস্য

ও মোমো-পিৎজা ও কট-বিহাইন্ড
অজ্ঞাতবাসের ভুঁইমালিকে ডেকে জানিয়ে দাও
পানবরোজের সহনশীলতার গায়ে আঁচড় কেটে
             আমি আরো বেশি জিজ্ঞাসাহীন হবো


Friday, December 22, 2017

হ্যালো জীবন


         আদিগন্ত মসলিন
         আদিগন্ত মসনদ
সূর্যোদয় থেকে সূর্যাস্ত
         মুঠো মুঠো পলিমাটি
         ম্যাজিক ম্যাজিক ধানখেত

হ্যালো জীবন
    খনিজ হরিণ-পল্লীর অমলিন মুদিখানায়
         বাজনা বাজে
কাজের বাজনা অকাজের বাজনা
    খাজনা-আদায়ের হিসেব-নিকেশ থেকে
ব্যাভিচারী মৌমাছিরা ছুটে আসে
স্তন্যপায়ী কার্নিস বেয়ে
         হেঁটে আসে শান্তিদূত

এই আমাদের পাকশালা
এই আমাদের বিদ্যানিকেতন

             হ্যালো জীবন
 পাখি ওড়াও পায়রা ওড়াও
    গুছিয়ে রাখো সমুদ্র-জ্বর

সোনাঝুরি-লালিত জয়-পরাজয়ের ফাঁকে ফাঁকে
    আরো বেশি গয়না-বড়ি হাঁকো

         

Thursday, December 21, 2017

আগুনে ও ফাগুনে


জাদু-পটুয়ার ছবিতে ক্রমশই ফুটে উঠছে    
এক তাপ্পিমারা হৃদয়ের বিদগ্ধ কচ্ছপ

সে কি কোনো নীল মেঘের আত্মজ
অবাক বিস্ময়ের বাহুডোরে থরোথরো
সে কি এক হরপ্পা-শরীর

চুমুর অসুখ-ভরা পুংকেশরের মাঠে
ওই তো সে এখন
কুলীন নেড়িকুত্তাদের সঙ্গে ফুটবল খেলছে

কখনো আবার কুয়াশায় ভিজে যাওয়া
রেলগাড়ির কামরায় উঠে মহা আনন্দে
খানিকটা হারমোনিয়ামও বাজিয়ে নিচ্ছে

এই ঘর এই প্রাতঃরাশ
আগুনে ও ফাগুনে
যায় ভেসে যায়  
ফুলভারে নুয়ে পড়া গাছেদের
মিছিমিছি জীবনের

রুপোলি কঙ্কাল 

Tuesday, December 12, 2017

পাঁচুরাম

গরম গরম ডিমভাজা থেকে
নিমফুলের আত্মজীবনীর দিকে
অনর্গল ভেসে যাচ্ছে
আমার পাঁচুরাম দেহের কাঁচুমাচু সব  

ইচ্ছে করছে অন্নপ্রাশনের সময় যে সব ধান-দূর্বা
আমার মাথায় আশীর্বাদ হিসেবে ঝরে পড়েছিল
তাদের একবার ছুঁয়ে দেখি

কিন্তু প্লাস্টিকের হেঁসেল ঘেঁষে
আমার কি আদৌ কোনো অন্নপ্রাশন ছিল

কাঁথা-কুঁথুরির মহাবিশ্বে 
আমি কি আদৌ জন্মেছিলাম

নোনাজলের মুহূর্তগুলি হাওয়াই-চটি পরে
আমার কোষ-বিভাজনের তদারকি করেছিল
              
             নেমপ্লেট ও গেমপ্লানের দোহাই

                 সত্যিই সে ছিল তবে একদিন 

Monday, December 11, 2017

খই-চেতনা

ইচ্ছে-মাংসের বিশুদ্ধ ভাড়াবাড়িতে
যেখানে দাঁড়িয়ে আছে আমার ইহজন্ম

তারই গোপন মেঘে
রয়ে গেছে
আমার জন্মান্তরের স্ক্যানকপি

তারই করুণার নৌকোয়  রয়ে যায়
রামধনুর দেহ ও আত্মা
বিমানবালিকার ঝরাপালক
এবং ঠ্যাংভাঙা-চেয়ারের হাতল থেকে
সদ্য উঠে আসা
চন্দনকাঠের মিথকথন

তাদের কোনো কিছুকেই
ভুঁইচাঁপার ব্যাভিচার দিয়ে ছোঁয়া যায় না
     
এখন যখন মহাপ্লাবনের উলটো পিঠে
         চাঁদের স্বপ্নরা ডিনার সেরে নিচ্ছে
তখন এসো তোমাকে দেখাই আমার
খই-চেতনার হিমশৈল

মনে রেখো বেড্রুম-সভ্যতায় বেড়াতে এসেছে

             এ-এক পাখির আমি 

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...