জাদু-পটুয়ার
ছবিতে ক্রমশই ফুটে উঠছে
এক তাপ্পিমারা
হৃদয়ের বিদগ্ধ কচ্ছপ
সে কি কোনো
নীল মেঘের আত্মজ
অবাক
বিস্ময়ের বাহুডোরে থরোথরো
সে কি এক হরপ্পা-শরীর
চুমুর
অসুখ-ভরা পুংকেশরের মাঠে
ওই তো সে এখন
কুলীন নেড়িকুত্তাদের
সঙ্গে ফুটবল খেলছে
কখনো
আবার কুয়াশায় ভিজে যাওয়া
রেলগাড়ির
কামরায় উঠে মহা আনন্দে
খানিকটা
হারমোনিয়ামও বাজিয়ে নিচ্ছে
এই ঘর
এই প্রাতঃরাশ
আগুনে ও ফাগুনে
যায় ভেসে যায়
ফুলভারে
নুয়ে পড়া গাছেদের
মিছিমিছি জীবনের
রুপোলি কঙ্কাল
No comments:
Post a Comment