Total Pageviews

Friday, April 27, 2018

অথ গোপাল-রাখাল কথা


গোপাল বড়ো সুবোধ 
রাখাল তেমন নয়

একথা লিখে রেখে গেছেন
স্বয়ঙ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশায়
তাঁর বর্ণপরিচয়-এর প্রথম ভাগে

দিন পালটেছে
ইদানীং ছেলেমেয়েরা আর কেউ স্কুলে
অ-এ অজগর আ-এ আম পড়তে যায় না

এখন সব ইংলিশ মিডিয়াম
সেখানে শেখানো হয়
এ-ফর অ্যাপেল বি-ফর বয়

বয় আবার দু ধরণের
গুড-বয় এবং ব্যাড-বয়

ক্লাসে অবশ্য কেউই
ব্যাড-বয় হয়ে থাকতে রাজি নয়

সকলেই গুড-বয় হয়ে
স্যার ও ম্যাডামদের
গুড-বুকে জায়গা করে নিতে চায়

গুড গুড গুড
তার জন্যে কত সিঁড়িভাঙা অঙ্ক
কত ইকিড়-মিকিড় খেলা

তারপর একদিন সুযোগ বুঝে
কয়েক হাজার কোটি টাকা
পাবলিক মানি ফর্সা করে
রাতারাতি বিদেশ-পলায়ন

তখন তার কাছে দেশ বা দেশপ্রেম 
বস্তাপচা সেন্টিমেন্ট ছাড়া
     আর কিছু নয়

রাখালেরা পড়ে থাকে ব্যাড-বয় হয়ে
তারা কোনোদিনই গোপাল হতে পারে না

Thursday, April 26, 2018

ফিল-গুড


চারপাশে এত ফিল-গুড আবহের মধ্যে
কে গুলি চালালো কেন চালালো
তার কিছুই জানি না
তবু একটি হত্যাকাণ্ডের সামনে দাঁড়ালে কেন
নিজেকেই হত্যাকারী বলে মনে হয়

অনেক লড়াই অনেক বিপ্লবের পর
সমস্ত দৈত্য দানবকে দমন করে
রূপকথার হ্যাপি-এন্ডিংযের মতো
ভেবেছিলাম বাকি জীবনটা
             সুখে-শান্তিতে ঘরকন্না করব

তবু কেন যে এত হানাহানি এত রক্তপাত খুন
কেন এত উলটাপালটা চিন্তায়
                            মাথা ভারী হয়ে আসে

তবু একটি ধর্ষণের সামনে দাঁড়ালে কেন
নিজেকেই ধর্ষক বলে মনে হয়

Saturday, April 21, 2018

ভণ্ডামির কবিতা


যেদিন এক নিশ্বাসে চার ভাঁড় তালতাড়ি সাবাড় করেছিলাম
চাঁদটাকে সেদিন বেশ মুচমুচে লাগছিল কিনা
সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার  
 তাতে কালপুরুষের বাপের কী

কাঁটা-চচ্চড়ির ডাঁটা চিবোতে চিবোতে
                 দেখ রে খেঁদির-মা
কেমন পেরিয়ে এলাম আরো একটা চত্তির মাস

আমার ঘামফোঁড়ার রাশিফল বলছে
এই বোশেখে যাই করি না কেন
সবই নাকি বুদ্ধ-পূর্ণিমার দখলে চলে যাবে

তাহলে ভাঙা কার্নিসে বসে এখন
আরো কতকটা তালতাড়ি খাবো

তারপর সোনালি-ধানের মাঠে হাঁটতে গিয়ে
হোঁচট খেয়ে পড়ে হেগেমুতে
ঢ্যামনা-কেঁচো আর হলুদ ব্যাঙাচিদের
পরিবেশবিদ্যার পাঠ দেবো

আমি জানি না এই হোঁৎকা শরীরের মধ্যিখানে
যে ৎ-বাবাজি বিরাজ করছে
তার ক্রোমোজমে কে মেশালো এত জবর ভণ্ডামি

আমি তো বলবই
শালা নিকুচি করেছে পটেটোচিপস-মার্কা
ওই সব ঢংযের রাষ্ট্রনীতির
দেবালয়ে পড়ে আছে আসিফার লাশ

সালভাদোর দালির গোঁফের দিব্বি
গো-ভাগাড় থেকে আজ
সব মৃত-পশুর মাংসই
সরাসরি চালান হয়ে যাক

শহুরে বাবুদের রোজকার মুখাগ্নিতে

Saturday, April 7, 2018

ছড়ানো


বড়ো হওয়া মানে যদি হয় ছড়িয়ে দেওয়া
তবে সেই ছড়ানোটাো আবার দু-রকমের

ভেতরে ছড়াও এবং বাইরে

আকাশের দিকে মেলে ধরো ডালপালা
মাটির গভীরে ছড়িয়ে দাও শেকড়

ডালপালা মেলে টেনে নাও নাও আরো আলো
আরো হাওয়া আরো আকাশ

বাটনা-বাটার শব্দ বাস-ট্যাক্সির হর্ন
পথকুকুরের চিৎকার ও মৃদু পাখিডাক

শেকড় ছড়িয়ে শুষে নাও আরো আরো রস
আরো জল আরো অন্ধকার

পাথরের নিশ্বাস ফসিলের ফিসফিস
মাটি ও বালির নিবিড় কথোপকথন  

সবকিছূ মেলে-ছড়িয়ে আরো বেড়ে ওঠো
আরো বড়ো হও

হেলেঞ্চাশাক ও হেলিকপ্টারের পৃথিবীতে
টেনেটুনে বেঁচে থাকো আরো দীর্ঘদিন

Friday, April 6, 2018

মই

আদিম মানুষজনের চমৎকার সব আবিষ্কার
চাকা ও আগুন আবিষ্কারের কথা
আমরা সকলেই জানি
জানি এবং মনে রাখি
কিন্তু মইয়ের কথা
কত সহজেই বিস্মৃত হই
অনেকেই জানে
মইকে ব্যাবহার করা যায়
শুধু উপরে ওঠার জন্যে
ব্যবহার করা যায়
ব্যবহার ব্যাবহার ব্যবহার
তারপর ফেলে যেতে হয়
তারপর ভুলে যেতে হয়
বড়ো জাহাজে চাপার নাকি সেটাই দস্তুর
তারা কেউ কি খেয়াল করে
দু-এক ঘর পরেই
ওৎ পেতে আছে সব ফণাধর
যাাদের মুখে পড়লেই ব্যাস
আর দেখতে হবে না
সটান পাতালে

Sunday, April 1, 2018

আচরণবিধি



একটা কালো রাত আধখানা চাঁদ আর শিরিশগাছে
একটা লক্ষ্মীপেঁচা সাজিয়ে নিয়ে বসে ছিলাম 
একা-জানলায়

এমন সময় একটা শেয়াল ডেকে উঠল
তাকিয়ে দেখি চারপাশ বাঁশবনে ভরে গেছে

গেরস্থের হারানো হাঁস বেজি ইঁদুর
ছুঁচো আরশোলা উইপোকা কেঁচো

সকলেই দলবেঁধে চলেছে
শেয়ালরাজাকে সেলাম ঠুকতে

আমিও ক্যামেরা অন করে রাজামশাইকে বলি
এবার তাহলে একটা সেলফি হয়ে যাক বস

শেয়াল তার ধূর্ত-হাসি হেসে বলে
তুলতে পারো
তবে কোথাও পোস্ট করা যাবে না

জানোই তো এখন এরাজ্যে
নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে  

বিরোধীরা বড়ো হইচই শুরু করে দেবে

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...