গোপাল বড়ো সুবোধ
রাখাল তেমন নয়
একথা লিখে রেখে গেছেন
স্বয়ঙ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশায়
তাঁর বর্ণপরিচয়-এর প্রথম ভাগে
দিন পালটেছে
ইদানীং ছেলেমেয়েরা আর কেউ স্কুলে
অ-এ অজগর আ-এ আম পড়তে যায় না
এখন সব ইংলিশ মিডিয়াম
সেখানে শেখানো হয়
এ-ফর অ্যাপেল বি-ফর বয়
বয় আবার দু ধরণের
গুড-বয় এবং ব্যাড-বয়
ক্লাসে অবশ্য কেউই
ব্যাড-বয় হয়ে থাকতে রাজি নয়
সকলেই গুড-বয় হয়ে
স্যার ও ম্যাডামদের
গুড-বুকে জায়গা করে নিতে চায়
গুড গুড গুড
তার জন্যে কত সিঁড়িভাঙা অঙ্ক
কত ইকিড়-মিকিড় খেলা
তারপর একদিন সুযোগ বুঝে
কয়েক হাজার কোটি টাকা
পাবলিক মানি ফর্সা করে
রাতারাতি বিদেশ-পলায়ন
তখন তার কাছে দেশ বা দেশপ্রেম
বস্তাপচা সেন্টিমেন্ট ছাড়া
আর কিছু নয়
রাখালেরা পড়ে থাকে ব্যাড-বয় হয়ে
তারা কোনোদিনই গোপাল হতে পারে না
No comments:
Post a Comment