একটা কালো রাত আধখানা চাঁদ আর শিরিশগাছে
একটা লক্ষ্মীপেঁচা সাজিয়ে নিয়ে বসে ছিলাম
একা-জানলায়
একা-জানলায়
এমন সময় একটা শেয়াল ডেকে উঠল
তাকিয়ে দেখি চারপাশ বাঁশবনে ভরে গেছে
গেরস্থের হারানো হাঁস বেজি ইঁদুর
ছুঁচো আরশোলা উইপোকা কেঁচো
সকলেই দলবেঁধে চলেছে
শেয়ালরাজাকে সেলাম ঠুকতে
আমিও ক্যামেরা অন করে রাজামশাইকে বলি
এবার তাহলে একটা সেলফি হয়ে যাক বস
শেয়াল তার ধূর্ত-হাসি হেসে বলে
তুলতে পারো
তবে কোথাও পোস্ট করা যাবে না
জানোই তো এখন এরাজ্যে
নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে
বিরোধীরা বড়ো হইচই শুরু করে দেবে
No comments:
Post a Comment