Total Pageviews

Wednesday, February 26, 2020

দাঙ্গাবাজ


ওরা আসে দলবেঁধে, ওরা আসে মুখঢেকে
ওদের হাতে বোমা বন্ধুক লাঠি পাথর
ওরা লাঠি উঁচিয়ে তেড়ে আসে
ওরা পাথর ছোড়ে, বোমা ছোড়ে, গুলি চালায়
ওরা মানুষ খুন করে আগুন লাগায় 
ওরা ধর্মের নামে জয়ধ্বনি দেয়
ওরা দেশের নামে জয়ধ্বনি দেয়

ওরা দেশ চেনে না, ওরা ধর্ম চেনে না
ওরা জাতি চেনে না, ওরা মানুষ চেনে না


ওরা ধর্মের কেউ না, ওরা দেশের কেউ ন্‌
ওরা জাতির কেউ না, ওরা মানুষের কেউ না,

ওরা মানুষের বুকে ছুরি বসায়
ওরা ধর্মের বদনাম করে
ওরা জাতির নামে কলঙ্ক রটায়
ওরা দেশটাকে টেনে নিয়ে যেতে চায়
জাহান্নামে  
           

এদেশ ওদের চেনে না, এই জাতি ওদের চেনে না
               এই মাটি ওদের চেনে না
ওদের একটাই পরিচয়, ওরা হত্যাকারী, ওরা দাঙ্গাবাজ

রাষ্ট্র ওদের আড়াল করে, পুলিশ ওদের মদত দেয়
আইন ওদের টিকি ছুঁতে পারে না, দেশনেতা থেকে মন্ত্রী
          শাসক, ওদের হাতেই তামাক খেতে চায়

মানুষ তুমি হতাশ হয়ো না, মানুষ তুমি ভয় পেয়ো না
                   মানুষ তুমি হাল ছেড়ো না

মানুষ তুমি আজ তোমার মনুষ্যত্ব নিয়ে জেগে ওঠো
মানুষ তুমি মানুষের হাতে হাত রাখো,
          হাতে হাত রাখাটা আজ বড়ো জরুরি
মানুষ তুমি মানুষের পাশে দাঁড়াও,
     মানুষের পাশে দাঁড়ানোটা আজ বড়ো জরুরি
মানুষ তুমি মানুষের নামে জয়ধনি দা্‌ও     


ওরা মানুষ মারে, ওরা ভয় দেখায়
             ওরা আতঙ্ক ছড়ায়
   কিন্তু ওরা কোনোদিনই জেতে না

মানুষ তুমি জোট বাঁধো, মানুষ তুমি রুখে দাঁড়াও

জেনে রেখো, আজ নাহয় কাল, একদিন-না-একদিন
                       ওরা পিছু হঠবেই
ভবিষ্যৎ ওদের ছুড়ে ফেলবে ইতিহাসের আঁস্তাকুড়েতে                      


মানুষ তুমি সতর্ক হও, মানুষ তুমি ভয় পেয়ো না
মানুষ তুমি মাথা উঁচু করে দাঁড়াও, আর মনে রেখো,
  তোমার ইচ্ছাশক্তিই তোমাকে জয়ের পথে নিয়ে যাবে

এদেশ মানুষের
এ-মাটি মানুষের
এখানে দাঙ্গাবাজদের কোনও ঠাঁই নেই

Friday, February 21, 2020

ভ্রমণকাহিনির


এক পকেটে নদী এক পকেটে নৌকা
ঝুলবারান্দার নেগেটিভের পাশে  
নামিয়ে রেখেছি সুপুরি-বাগান

জৈবনিক-আকাশের নীচে  
মৌন-ভ্রমণকাহিনির গলাতেও
পরিয়ে দিলাম
গোটা কতক চৌপো-রাতজাগা

বসন্ত-বাতাস ব্যাটিং করছে পুরোদমে

রানি-মৌমাছির ঋতুস্রাব হয় না
কিন্তু তোমার হয়  

এবার নিজের নিজের কৌমার্যে
যে-যার পূর্ণিমা-চাঁদ সামলে রাখুক  

Thursday, February 20, 2020

বোঙাদের দেশে


খিস্তি-খেউড়ের আলোয়
       উজ্জ্বল হয়ে আছে
              ডিহি-ডাঙা-ডহর
বোঙাদের এই দেশে

এখানেও বিকেলের মাঠে
বালকেরা ফুটবল খেলে

মহুয়াতলা থেকে
বালিকারা কুড়িয়ে আনে
একটা-দুটো ঝুমুর  

Friday, February 14, 2020

চিৎকার-জন্ম


আমার শরীরে আজ তুমি
একটাও আঘাতের চিহ্ন খুঁজে পাবে না

বিশ্বাস নাহয়
শার্ট খুলে দেখাতে পারি

যতগুলো মুড়োঝাঁটার বাড়ি পড়েছিল
সবই তো হজম করে ফেলেছি

মাজাভাঙা নদীর উত্তরে ও দক্ষিণে
আমার চিৎকার-জন্ম ফিকে হয়ে এল

এত মানুষের মাঝে একজনও
এমন গঞ্জালভেসের দেখা পেলাম না

যে আমাকে ডাক দিয়ে বলবে, আসুন স্যার
আপনার হেয়ার-স্টাইলটা একটু বদলে দিই

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...