চারপাশে এত ফিল-গুড আবহের মধ্যে
কে গুলি চালালো কেন চালালো
তার কিছুই জানি না
তবু একটি হত্যাকাণ্ডের সামনে দাঁড়ালে কেন
নিজেকেই হত্যাকারী বলে মনে হয়
অনেক লড়াই অনেক বিপ্লবের পর
সমস্ত দৈত্য দানবকে দমন করে
রূপকথার হ্যাপি-এন্ডিংযের মতো
ভেবেছিলাম বাকি জীবনটা
সুখে-শান্তিতে
ঘরকন্না করব
তবু কেন যে এত হানাহানি এত রক্তপাত খুন
কেন এত উলটাপালটা চিন্তায়
মাথা ভারী হয়ে আসে
তবু একটি ধর্ষণের সামনে দাঁড়ালে কেন
নিজেকেই ধর্ষক বলে মনে হয়
No comments:
Post a Comment