সকাল থেকে শুধুই দুঃসংবাদ
খবর দেখতে ইচ্ছে করছে না
আবার না দেখেই বা থাকি কী করে
এই মৃত্যু মিছিল থামবে করে, জানি না,
মাথার মধ্যে ভোঁ ভোঁ করছে ভালোবাসা
‘মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি’
বলার মধ্যে যে আবেগটা থাকে
বাস্তবে মারি নিয়ে ঘর করতে গিয়ে
তা কোথায় যেন হারিয়ে যায়
বুকের ভেতর কেমন একটা ভয়, একটা আতঙ্ক,
মনে পড়ছে সিরাজউদ্দৌলা
নাটকের সেই সংলাপ
‘বাংলার আকাশে বাতাসে আজ…’, শুধু বাংলা নয়
আজ তো বিশ্বের আকাশে-বাতাসেই দুর্যোগ
সংবাদে আরো জানছি, প্রতি একশো বছরে পৃথিবীতে
এমন মহামারি আসে, তিনশো বছর আগে
এসেছিল বুবোনিক প্লেগ, মারা যায় ১
লাখ মানুষ
দুশো বছর আগে কলেরা, সেখানে মৃত ১ লাখের বেশি
একশো বছর আগের স্প্যানিশ-ফ্লু ছিল সব চেয়ে ভয়ংকর
মৃতের সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে
যায়
ভাবি, ১০০ বছর পরের মানুষ কি ভাববে
আজ এই ২০২০-তে কী ভাবে টিকে ছিলাম আমরা
মাথার মধ্যে এইসব সংবাদ, আর বুক-পকেটের নীচে
অজস্র আলফা এবং ওমেগা নিয়ে ঘুরে বেড়াই
তবু বাঁচি, প্রতি মুহূর্তে বাঁচি, আশা নিয়েই বাঁচি
অপেক্ষা করে থাকি কোনও এক সকালের
যেদিন বেজে উঠবে মন-ভালো করা সেই গান—
‘আহা কী আনন্দ আকশে বাতাসে’
No comments:
Post a Comment