পাড়ার মোড়ে
এক যে আছে বসে-আঁকো লেখা ফ্লেক্স
এক যে আছে বসে-আঁকো লেখা ফ্লেক্স
তারই নীচের ফুটপাতে
কথা-বলা ফুলের দোকান
এসব দেখি আর মনে পড়ে যায়
মাঝরাতেও মানুষের কত কাজ থাকে
যেমন গতকাল আমার কাজ ছিল
তোমাকে ফোন করা
আর তোমার কাজ
মোবাইল সুইচ-অফ রাখা
আমি তো শুক্লা-পঞ্চমী দিয়েই
মাটির পিঠে লিখে রাখি
দিনভর অর্জিত পিপাসা
তাতে করে কি পিয়াঁজকলির স্বরলিপি
আরো তাজা হয়
আরো গভীর
তাও জানি না তবে দেখি
যোগচিহ্নের কাছে
ঋণ
বিয়োগচিহ্নের
কাছে ঋণ
কখনে যেন ঢুকে গেছে ঘুমের ভিতর
সেখানে কত ঢেউ ওঠে
বেজে চলে কত টাকডুম
পরাগের বিরহ থেকে জন্ম নেয়
আরো কিছু E=mc2
আবার সেই মাঝরাতেই
মিলেট-আকাশ থেকে
খসে পড়ে উল্কাপিণ্ড
আমি খুব গম্ভীর মনে
তাই দিয়ে
আরেকটা বিড়ি
ধরাই
No comments:
Post a Comment