শস্যভূমি পেরোতে পেরোতে
পিরামিড ডাকবাক্স রেডিও-স্টেশন
মায়াবী আলোয় সেই-সব নেচে-ওঠা
দেখি
দেখি কেমন করে
পক্ষাঘাত ভেদ করে আবার উঠে দাঁড়াচ্ছে
উলবোনার সহজপাঠ
দক্ষিণের জানলা খোলা রেখে
কেউ যেন হারমোনিয়াম বাজাচ্ছে
আছে চাঁদ অর্গ্যানিক বোগেনভেলিয়ার
বেজে-ওঠা খোঁপার নিশিজলে
অগোপন
আছে খিদের আমোদে ক্লান্ত
সোনালি মাছেদের ঘাই-মারা খেলা
আছে আছে পুজো শেষে
গঙ্গাজলে ভেসে যাওয়া চাঁদমালা ঘিরে
সমূহ অস্তিত্বের নড়াচড়া
আসলে সে জানে প্রভু জানে
এই নেশা কত দ্রুতগামী
যাকে ঘিরে ধরেছে
হেমন্তের রোদ মেখে হেঁটে যাওয়া
মুঠো
মুঠো স্কুলগার্ল
No comments:
Post a Comment