Total Pageviews

Thursday, May 12, 2016

মানুষ

মানুষ

যাকে বলে শালগম তাকেই বলে ওলকপি
কেউ উত্তর দিকে হাঁটছে কেউ পশ্চিমে
গরম চায়ে বিস্কুট ডুবিয়ে খাই আর দেখি
চারপাশে জন্ম নিচ্ছে মানুষ মানুষ মানুষ

সরস্বতীপুজোর প্যাণ্ডেলে মাইক বাজছে
বাতাস ভরছে আরো আরো ডাকনামে
মানুষেরা বড়ো হচ্ছে মানুষেরা দড়ো হচ্ছে

কেউ প্রেম করে বিয়ে করছে
কেউ বিয়ে করে প্রেম করছে

কেউ গান গেয়ে বিখ্যাত হচ্ছে
কেউ চাকরি করতে বিদেশ ছুটছে

পুরোনোরা ঠেক ছেড়ে চলে গেলে
আড্ডা জমাতে আসছে নতুন মুখ

আর আমি একা একাই কংক্রিট-সমুদ্রে
 ভাসিয়ে দিচ্ছি কাগজের সপ্ত-ডিঙা নাও

যদিও এখনও রিফিলের অসুখ সরিয়ে
আমাকে তুমুল হতে বলে আফতার-শেভ

পুরোন অভ্যেসে একা একা ছাদে গিয়ে দাঁড়ালে
এখনো খুঁজি সেই সন্ধ্যাতারা

 হায়রে ভাই ভাড়াবাড়িতে থেকে
আর ভাড়াগাড়িতে চেপেই
কাটিয়ে দিলাম সমস্ত জীবন

বাস্তুভিটে তুলসিমঞ্চ ঢেঁকিশাল
সবই আজ সুদূর অতীত

তা হলে ওই কথাই রইল
আজ রাতে কিন্তু
আমি গিন্নির রান্না ভাতই খাবো

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...