Total Pageviews

Monday, January 29, 2018

ডাঁসা-লীলা

হাঁচি কাশি মাথাব্যথা আর
এক ঠোঙা ভালোবাসা নিয়ে
ক্রমাগত হেঁটে যাচ্ছি
এক সাদা পাতা থেকে আরেক সাদা পাতায় 
                 আমি দীন আমি উদাসীন

কিছুটা এগিয়ে কিছুটা পিছিয়ে
চাঁপারানির এলোচুলের ঢেউ ভাঙতে ভাঙতে
কলার মান্দাসে ভাসিয়ে দিয়েছি
                 কিছু যানজট কিছু কান-কটকট
                     এবং কিছু বনহলুদ
ভরানদীর দিকে ভরানদীর দ্বারা ভরানদীর জন্যে

সূর্যাস্তের ঝিরিঝিরি অঙ্গরাগ বেয়ে
নেমে আসা
লালপরী নীলপরীদের আরো কিছু রূপকথা
             গড়িয়ে দিয়েছি
বদ্বীপের দিকে বদ্বীপের দ্বারা বদ্বীপের জন্যে 

আমার এই ফলস-ভোটারের দুহাত দিয়ে
বাতাসে বিলিয়ে দিয়েছি
আরো কিছু আলতু-ফালতু
আরো কিছু কুচুকুচু
ছোটো-শালীর দিকে ছোটো-শালীর দ্বারা
ছোটো-শালীর জন্যে

ছাপোষা-ঈশ্বরে এক আমার প্যাপিরাস
ঘোড়ানাচ সম্পর্কে কিছুই জানি না

অখ্যাত হাতে জড়িয়ে ধরা
             বাসি-রুটির জীবনালেখ্যে
হলুদ রঙের দুঃখগুলো
এবার তবে নীল-রঙেই আঁকি 

শুনেছি নীলরঙই নাকি
বিশুদ্ধ দেবলীনার
ডাঁসা-লীলা জানে

হাওয়ার ভিতর হাওয়া হয়ে মিশে থাকা
আমি সেই নীল রঙের ভাঁজ খুলি
তাকে মেলে ধরি   
তারপর
তার ডাকাবুকো আঁকিবুঁকিগুলো
বাড়িয়ে দিই
সমুদ্রের দিকে সমুদ্রের দ্বারা সমুদ্রের জন্যে


No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...