শরীরের ফর্দ ফর্দের শরীর
এবং তাদের
কত সব ম্লেচ্ছ দেনা-পাওনা
শরীরের নদী নদীর
শরীর
আর সেখানে কেমন যেন সব
সাঁতার সাঁতার খেলা
চৈত্রমেঘে ঢেকে গেছে
বিকেলের রং
তার দিকে
আদরে আদরে কিছু জন্ম-মৃত্যু খুলে দিই
এখানে জন্ম নাহয় ঠিক
আছে
কিন্তু মৃত্যু
শব্দটা যদি বড়ো ভারী মনে হয়
তাহলে
তার গায়ে নাহয় কতক
বৃষ্টি মাখিয়ে নিই
ওই কে আবার হেঁকে
বলছে
আর ঘুঘুডাক
হ্যাঁ তাদেরও সঙ্গে নিতে পারি
ঘুঘুডাক নিতে পারি
সমুদ্রযাত্রা নিতে পারি
অনেক কিছুই তো কাছে পেতে
ইচ্ছে করে
কিন্তু পাই কই
বাতাসে মানুষের গন্ধ
পেয়ে
প্রকৃতির পাঠশালায়
এ-গল্প সে-গল্পের পর
কোথা থেকে যেন হঠাৎ
ঢুকে পড়ে
দেদার
দাঙ্গা রক্ত খুন
সবকিছু কেমন যেন এলোমেলো
হয়ে যায়
No comments:
Post a Comment