দেখতে দেখতে মৌমিতার চারপাশটা কেমন যেন বোরোলিন হয়ে ওঠে
হালকা কুয়াশার ভিতর হাসি-কান্নার মিশেলে
গড়িয়ে গেছে যে আটচালা
তার বেঞ্চিতে বসে তালুতে মুখ ঘষি
আর হাঁক পেড়ে বলি
ওরে পঞ্চা
আমার আর ওই অস্পষ্ট কৃষ্ণচূড়ার জন্যে
দু-কাপ লিকার চা বানা বাপ
আকাশে পাখিদের ওড়াউড়ি দেখে
আমিও একদিন হ্যাঁচ্চো হতে চেয়েছিলাম
প্রেমে ভেসে যাওয়া শহরের পিচ-রাস্তা
আমার দিকে এগিয়ে দিয়েছে এক গ্লাস নীল-আগুন
যে নদীর উপত্যকায় এককালে দেদার তিলচাষ করেছি
লোকমুখে খবর পাই এখন সে তিন ছেলেমেয়ের মা
তবে আজ টো-টো চেপে নগরভ্রমণে বেরিয়ে
নিজেকে বেশ বাবু বাবু লাগছিল
আসলে অনেক ভেবে দেখেলাম
চৌষট্টি-যোগিনীর দোলনকাল
আর কংসাবতী-প্রকল্পের লেবু-লজেন্স
এসব মিলিয়েই তো আমার এই ঘোলখাওয়া-পর্ব
No comments:
Post a Comment