অনার্সে চান্স না পাওয়া ছেলেটি দেখে
রাত্রির অন্ধকারে কাঁটাঝোপের মাথায়
কত না জোনাকির ঝিকিমিকি
ব্রহ্মপুত্র উপত্যকা গালে হাত দিয়ে ভাবতে বসে
শূন্যপুরাণের পাতায় এত সুপুরিবাগান
কোথা থেকে এল
হাটেবাটেমাঠে কোথা থেকে আসে এত চোরাস্রোত
রক্তমাংসের প্রবাহে সপ্তর্ষিমণ্ডলের আঁকিবুঁকিও
কিছু কম কথা নয়
আমাদের ঢিলেঢালা ভালোবাসার মুখনিঃসৃত
এত
ঘ্যাঁট ও ঘোঁট
তার উপর বৃষ্টি
পড়ে
রোদ হয়
তারে-মেলা ছাপাশাড়ি ভরে ওঠে কানায় কানায়
পর্ণমোচীর কাছে গিয়ে দাঁড়ালে
ডিওগন্ধে ভরপুর নাগরিক ঢংগুলির
কখন যেন ধর্মবদল ঘটে যায়
আমি বুঝতেও পারি না
No comments:
Post a Comment