১.
পা-মচকানো হৃদয়ের কলাপাতায়
কে এসে আবার
নতুন করে পরিবেশন করে গেল
এক-ঝাঁক বক উড়ে যাওয়া আকাশ
শুধু বক কেন চিলও তো আছে
সেই সোনালি-ডানার চিল
আছে ইতিউতি ঝড়ের কথা
আছে ইতঃস্তত অধঃপতন
জীবনের বাহুপাশে কিছু চিৎকার গুঁজে দিয়ে
দেখো কেউ হয়ত আবার
কোনো নতুন দেবদূত বানাচ্ছে
২.
হাইহিল-সভ্যতার শুরুতে
যে চাল-কলাইভাজা ছিল
তাকে ঘিরেই এখন অদ্ভূত লোকগান
তাকে ঘিরেই আবার ভূমিকম্পের জাদুঘরে
গাঙশালিকের কণ্ঠনালী ও
কিছু উত্তেজিত অশথপাতা
জিম ও ইজিম থেকে সরে এসে একদিন
দীঘার ঝাউবন ও সমুদ্র-সৈকতের জন্যে
যে ফুলমুন-রাত কেনা হয়েছিল
স্বপ্ন এবং প্রজাপতি এখনো নিয়মিত
তার ইএমআই জমা করে
যদিও আমরা সবাই খুব গোপনে
জিভের নীচে পুষে রাখছি
নিজ নিজ ওয়ান-শর্টার
ও হাতবোমা
No comments:
Post a Comment