সোনাঝুরি অথবা বহুব্রীহি-সমাসের জমিদারিতে
আমি তো কোনোদিন সার্কাসের তাঁবু ফেলিনি
তবু কেন যে এত খরস্রোত
কেন যে এত কার্পেট-বম্বিং
আমাকে ঘিরে ধরেছে কী নিবিড় এক আত্তীকরণ
স্মৃতি ও বিস্মৃতির আশ্রমে কত খেলা ফুটে আছে
কত যুগের কত পাথর ও পাণ্ডুলিপি
আমার পিছু পিছু ছুটে আসছে
গ্রহ থেকে গ্রহান্তরে
আমাকে নিয়ে উপন্যাস লিখছে
এক লক্ষ ঝিঁঝিঁ ও জোনাকি
কী জানি রসকলি-আঁকা এক জলজ মগজ নিয়ে
এই বেঁচে থাকার অ্যানিমেশনে
আমি আর কত দূর
চলে যেতে পারি
No comments:
Post a Comment