সহবাস
পুতু-পুতু
পুতুলখেলার ভাবলোকে বেড়াতে এসে
মৌজোয়ারে
ভেসে যাচ্ছে দেহ
ওদিকে গ্রামীণ-জলকাদারা
কখন যেন
আমার
বিরুদ্ধে খোরপোষের মামলা রুজু করে বসেছে
গাছভর্তি
সজনেফুলের মুখে ও মাথায়
আমার গতজন্মের
টিপছাপ
সশস্ত্র
কৃষ্ণচূড়ার ডালে ডালে
শুরু
হয়ে গেছে পলাশবেলা
শক্তিগড়ের
ল্যাংচা-পাড়ার চারপাশে
ছড়িয়ে পড়ছে
অদ্ভূত বুকব্যথাদের নাচ
দেখো ওই
যে রোদচশমা পরা হিংচেশাক
তার পাতায় পাতায় উপুড় হয়ে শুয়ে আছে
বিস্তর
মুখস্তরাত
যেন আজ অথবা কাল
কচুরিপানার এভারেস্ট বিজয় নিয়ে
একটা হেস্তনেস্ত করতেই হবে
এই সাজানো-গোছানো বিগবাজারে
সবাই চাইছে জয়ী হতে
এক এই হতভাগা কালাচাঁদ-মল্ল ছাড়া
হণ্যমান শরীর থেক গলা উঁচু করে দেখি
ভোল্টেজ-কম
স্বপ্ন-লোকালের হাতে পড়ে আছে
নুনলঙ্কার
গর্ভজাত কিছু টার্মলোনের মাসকাবারি
তোমার ফুলে
ফুলে ঢাকা বাসরঘর থেকে এখন
আমি শুধু
অনশন পান করি
আইফেল
টাওয়ারে যখন এত পক্ষআঘাতের ঘনঘটা
ঋতুবন্ধ
নারীর সঙ্গেই নাহয় এবার সহবাসে যাব
তবে মনে
রেখো রেশমমথের মৃতদেহকে
যারা
কাঁধে করে কদমখণ্ডিতে নিয়ে গিয়েছিল
তাদের
মধ্যে একজন কবিও ছিল
No comments:
Post a Comment