অনুচ্চারিত
ঈশানের খেলা চলছে
নৈঋতের খেলা চলছে
প্রাচীরের গায়ে ঢেঁকিশাকও
চুপ করে বসে নেই
ফলসাবনের ব্ল্যাকহোল
আমাকে হেলিয়ে দিল
অখণ্ডমণ্ডলাকারং
এক খিদের দিকে
স্মৃতির ভেতর দময়ন্তী
অন্ধকার জলসাঘরে খুশিতে খুশিতে
আমি সাপ হয়ে নাচি
হরিণছানার লাফালাফি দেখে প্রতিদিন
পড়শিদের মুখগুলো কেন যে ভেঙে যায়
বুকের একটা তোলপাড়
পেরেকে টাঙিয়ে রেখেছিলাম
এখন দেখছি এক ব্যাটা হলুদ টিকটিকি
তার দিকে লোলুপ চোখে তাকিয়ে আছে
হয়ত ভাবছে আরেকটা নতুন খাবার
যে মেয়েটির পিরিয়ড চলছে
সেওতো ওই লাফিয়ে লাফিয়ে
গাছ থেকে টোপাকুল পেড়ে
গাছ থেকে টোপাকুল পেড়ে
আঁচল ভর্তি
করছে
ওপাড়ার পাঁচু-ভোলারা এই দেশেতেই জন্ম আমার
গাইতে গাইতে বলছে বন্দিমুক্তি-আন্দোলনে
এবার কতক হিং ছিটিয়ে দাও
ঘুমের ওঠাপড়ায় ডানা মেলছে
এক অনুচ্চারিত নদী
কিন্তু আমার সমস্ত মগজ জুড়ে
এত মুথাঘাস গজিয়ে উঠছে কেন
No comments:
Post a Comment