উবুদশ
আমি তো তাকে
খামচে খামচে জানি
সেই-যে সেই
তাথৈ জল
যার
পায়া ভারী হয়ে আছে
মেহেদি
রঙের লীনতাপে
এখানে যে
সদ্য চোখ মেলতে থাকা কাকভোর
যখন কারো
কারো আগুনমুখী সিগারেটে
ক্রমাগত
পুড়ে যাচ্ছে খামোকা-ঈশ্বরের প্রস্থচ্ছেদ
রুপোর
সিঁদুর-কৌটোয় ওলটপালট খাচ্ছে
শূদ্র-কিংশুক
বিরচিত প্রেমের মহাভারত
এখন উন্মাদ
মেঘেদেরও যেন মদে পেয়েছ
প্রজননে
অংশ নিয়ে একজন জনক সাজছে
একজন জননী
কিন্তু কাঁথাশিল্পের
ঘি-চপ-চপ উবুদশ নিয়ে
আমারই বা
এত ডানা-ঝাপটানো কেন
বড়শিতে
গাঁথা লিপস্টিকের টোপ গিলবে বলে
এখানে
লাইন দিয়ে আছে
কত বড়ো বড়ো রুইকাতলা
আমি তো
একজন ছা-পোষা কণ্ঠিধারী মাত্র
রোগা
গার্হস্থ্যের পদচিহ্ন ধরেই
আমার এই
এগিয়ে যাওয়া
আমার হাঁটা-পথের
দুপাশে হাই তুলছে
বৃষ্টি
ও বিস্ফোরণ
আমার
ঘামেভেজা রুমালের আশেপাশে
ঘুরঘুর
করছে কিছু গোঁফ-কামানো বেড়াল
তাদের
হাবভাব দেখে যেন মনে হচ্ছে
শেষকালে
আমার ভোলেভালা ট্রাফিক-জ্যামে
হয়ত একদিন
জনৈক কানা-বেগুনের মগজ এসেও
বীর্যপাত করে চলে যাবে
No comments:
Post a Comment