মাহুতবন্ধুর গান
এক ছিলিম ক্যাংলা-যাপনে
রানি-মৌমাছিকে ঘিরে
এই যে এক কেরানি-হৃদয়
ভোগে আছে দুর্ভোগেও আছে
চালানি মাছের রক্ত
রাঙিয়ে দিচ্ছে সব মনখারাপ
মোহজ্বরে মাখো-মাখো বিধিলিপি
সেইসব হ্যানো-ত্যানো দিনগুলি
তেলাপিয়া রঙের বান্ধবীরা জেনেছে
মাজন কিনলে টুথব্রাশ ফ্রি
গাজনতলাও বেশি দূরে নয়
শীতকালের সব আগুন
যখন ছেঁড়াকাঁথার তলায়
তখন জলতরঙ্গের অষ্টোত্তর-শতনাম নাম ছিল
জ্যোৎস্নায় পুড়তে থাকা ঘামতেলের সিলেবাসে
কিছু হিজলগাছও ছিল
নলজাতকের কক্ষপথে ছিল কাশি ও কফ
তবে নাচঘরের কণ্ঠস্বরে হাপুগান প্রখর হলেও
চৌবাচ্ছার জলে রোদ-রাত্রির লাফালাফি
একই রকম জারি আছে
এরই মাঝে কে জানে কখন
ঝাউবন-খোদাই-করা নিরুদ্দেশের দিকে
বীজে বীজে গড়িয়ে গেছে মাহুতবন্ধুর গান
No comments:
Post a Comment