Total Pageviews

Sunday, September 4, 2016

জলকেলি



জলকেলি

আকাশের থেকে ঝরে পড়া টুপটাপ
তার তো কোনো জাতধর্ম বাছাবাছি নেই
টুপটাপ অথবা ঝমঝম
সে শুধু ভেজাতে জানে
তোমার সঙ্গে আমাকেও

দেহ ভেজে
মনও ভেজে

কত হাজার বছর তার এই ঝরে পড়া
কত হাজার বছর আমাদের ভিজে যাওয়া

দেহ ও মন ছাপিয়ে সেই ভেজাভিজি কখন যেন
পৌঁছে গেছে এক অন্তহীন নাচের কাছে

যেখানে জোনাকির ক্লাসরুমে বসে
তুমি ও আমি শিখে নিচ্ছি কী করে

চোঁয়া-ঢেঁকুরকে সাক্ষী করে
কাগজফুলের বেঁচে থাকার সঙ্গে
                            হাতে হাতে মেলাতে হয়

চলো এবার বৃষ্টির কাছেও শিখে নিই কী করে
মাথায় কাকডাক নিয়ে আরো হাজার বছর
                            পথ হাঁটতে পারি
                                             তুমি আমি
                                
আর আমাদের এইসব
ঝগড়াঝাঁটি মারপিট ও মান-অভিমান জড়ানো
                            তুমুল সব জলকেলি

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...