Total Pageviews

Sunday, September 11, 2016

কাছাখোলা



কাছাখোলা

অনেকদিন তো ছাগল হয়ে কাটালাম
এসো এবার নাহয় কিছুটা পাগল হই

পাগলা হায়েনা হতে যদি আপত্তি থাকে
তাহলে নাহয় সেয়ানা পাগল হলাম

হয়ত তাতে সুখের ময়না হাত গুটিয়ে নেবে
চাঁদমালার নিরক্ষরতাও বেড়ে যেতে পারে বহুগুণ

কিন্তু এছাড়া আর উপায়ই বা কী বলো
ব্রজকিশোরীর প্রেমের আগুন যে আজ শতচ্ছিন্ন

শরীরের আনাচে-কানাচে সাজানো গয়নাগুলো আর
হৃদয়ের সব কথা ধরতে পারে না

তবে পাগলা হতে চাইলে
পাগুলো চ্যাপ্টা করতে হবে না কিঞ্চিত লম্বা
সে ধারণা কি তোমার আছে

যদি না থাকে তাহলে জানতে চেষ্টা করো
মেঘেদের দেশে কোনো ট্রাম-সার্ভিস আছে কিনা

এবং ভাসুর-ভাদরবৌয়ের
মাঝের হাইফেনটি মুছে দাও

আর বটপাতার উপবীত ধারণ করে
এই ঠ্যাং-ভাঙা সিংহাসনে এসে বসো 

কিন্তু কথা হচ্ছে লজ্জা কি তাতেও মরবে 

এই কাছাখোলা যৌবন নিয়ে আমি এখন
কী করে ময়ূরাক্ষীর কাছে যাই  

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...