কুজকাওয়াজ
ঘুঘু ডাকছে কোকিল ডাকছে
বসন্ত-বাতাসের নিরক্ষরতা বাড়ছে
যারা শালবনে আগুন জ্বেলে ঝরাপাতা পোড়াচ্ছে
তারা কি বসন্তের হাতছানিটিকেও বিদগ্ধ করছে
ক্রুদ্ধ পাহাড় হয়ত কিছু বলল না
কিন্তু কালবৈশাখি তো ফুঁসে উঠতে পারে
রাজপ্রসাদ থেকে মাননীয় ভাঁড়েদের গাড়ি
পাইলট ভ্যান নিয়ে ছুটে যাচ্ছে
কোনো সুলভ-শৌচালয়ের উদবোধনের দিকে
আজকের দিনটি গতকালের ফটোকপি নয়
এবং আজো একটি গাধার একমাত্র লক্ষ্য
একটি
আদি ও অকৃত্রিম গাধা হয়ে ওঠা
তবে একজন রাজনৈতিক ভাঁড়ের সঙ্গে
একটি গাধার কী সম্পর্ক
একটি গাধার কী সম্পর্ক
তা আমি জানি না
যারা হিল্লি-দিল্লিতে ঘোড়া কেনাবেচা করে
তারা জানলেও জানতে পারে
বসন্তের দিনগুলি কেটে যাচ্ছে
ছেঁড়া-কাগজের
ইতিহাস মুখস্ত করে
ফসল বাঁচাতে কৃষকরা ছড়াচ্ছে কীটনাশক
চৈত্রের কুজকাওয়াজে
এক ঝঁক পায়রা বৃষ্টি হয়ে
নেমে আসছে
No comments:
Post a Comment