রূপকথা
ডাকিনি-বিদ্যাতে
পারদর্শী না হলেও
ভাঙা দাঁতের
ফাঁকেই চেপে ধরেছি
ঐতিহাসিক
সময়ের যাবতীয় সুবুদ্ধি-কুবুদ্ধি
বাঁদিকের
বুক-পকেটে জমিয়ে রাখা
এত
মিস-কল কাকেই বা দেবো
যে যার
বুদ্ধিপাত্রে প্যাঁচবন্দি
কে নেবে
হৃদয়ের এত গরমিল
জনৈক
ঠোঁটকাটা ডাক দিয়ে বলে
আয় আমার
ছায়ার নীচে বস
একটু
বিশ্রাম নে একটু পোয়াতি হ
ওদিক
থেকে এক গাঁটকাটা জানিয়ে দেয়
আমি কিন্তু
শাকাহারি কারণ আমার কষ্টগুলো
আমি জল-সহযোগে
গিলে নিই
ঠোঁটকাটা
আর গাঁটকাটার মাঝে
সুখ-অসুখের
বর্ণমালায়
আমার
বুকেও এক কিংসাইজ হলদিঘাট
সানাইয়ের
সুরে আমার মুদ্রাদোষের
নিদ্রাভঙ্গ
হতে চায় না
গম্ভীরতার
অভিকর্ষ আরো গম্ভীর হয়
রঙিন-টিপের
বিকেলটিতে
আমি
শূন্য পেন্সিল দিয়েই
নদীর
বুকে নৌকা আঁকি
এই সময়ে
টিউশনি-ক্লাসের
কিছু
লুকোচুরিও দেখি
রূপকথা হতে চায়
বয়ঃসন্ধিক্ষণে
চিলেকোঠার যে লুকোচুরি খেলা
সাবালকদের
অভিধানে
তার অন্য মানে আছে
No comments:
Post a Comment