বিচুটিনামা
অশাস্ত্রকারদের মত মেনে চলতে গেলে
পুঁইশাকের মাসতুতো বোন তুলসিপাতা
একজনের জন্যে ঠাকুর ঘর
অন্যজনের ঠাঁই পাকশালায়
ভ্যানিশিং-ক্রিমের মাঝের পাতায়
একথাও নাকি লেখা আছে
তুলসিপাতার অবৈধ সন্তানটির নাম হল
বিচুটি
আবার খলসেমাছের পিত্তথলি ঘেঁটে
এমন কথাও জানা গেছে
আলকুশির অভিশাপে
বিচুটির সঙ্গে কারো প্রেম হয় না
কিন্তু সবার প্রেমে মাঝেমধ্যেই
বিচুটি এসে নাক গলাতে পারে
বুঝুন তার
থেকেই ড্রয়িংরুম-ড্রামার
কাহিনিতে
আসে কত বাঁকবদল
বাজারে
রমরম করে চলে
কত
রহস্য-রোমাঞ্চের সিরিয়াল
সুতরাং একথা
মানতেই হবে
বিচুটিকে
আমরা যতই উপেক্ষা করি
যে কোনো
দেবতা বা অপদেবতার চেয়ে
সে
কিন্তু অনেক বেশি জাগ্রত
সুতরাং মাননীয়
ধর্মাবতার
ছেঁড়া-চটির
লোকসংগীতে
অতঃপর বিচুটির
জন্যেও
কিছু
প্রণাম বরাদ্দ করা হোক
No comments:
Post a Comment