কাউন্টার-রেভোলিউশন
আমি চাই
একজন কবি যখন রাস্তা হাঁটবে
তার
শার্টের কলারটা যেন তোলা থাকে
কেউ
প্রশ্ন করলে সে যেন বলে
আরে ভাই
আমি কবি
ভাব ও
ভাষা নিয়ে কারবার করি
চুরি
ডাকাতি তো করি না
দাদা-দিদিদের
তেল মেরে
পকেট
ভারীর ধান্দাতেও নেই
জ্বর-সভ্যতার
পাঁজরে পাঁজরে
আমি
মিশিয়ে দিই
পেঁয়াজখেতের
সুবাসিত যৌনতা
আর
জলপরীদের জানিয়ে দিই
কোন পথে
চাঁদে যেতে হয়
আমি
একজন কবি
প্রতিদিনের
পথে পথে
প্রবাহিত
আমার মূর্খ উচ্চারণ
আমাকে
যদি অবজ্ঞা করো
তাহলে জানতেই পারবে না
কীভাবে সামলাতে হয়
মৎস্যগন্ধার
কাউন্টার-রেভোলিউশন
No comments:
Post a Comment