Total Pageviews

Monday, March 20, 2017

মেরা নাম জোকার



মেরা নাম জোকার
  
বসন্তঅপেরার পালাগানে
আমি বেশ উদ্বুদ্ধ হলাম

এবং সন্ধ্যার ফাঁকা ছাদে
একা একাই কতকটা
নাচলাম ও গাইলাম

দেখলাম গাছের পাতা
আর ঝিরঝির হাওয়া
প্রচুর লাইক ও কমেন্ট দিচ্ছে

তারপর লবণাক্তের পাশ থেকে
উঠে আসা জ্যোৎস্নারাতে
যৌবনের একটি মানচিত্র আঁকলাম

তার ভেতর হুড়মুড় করে ঢুকে পড়ল
কত না প্রেম-প্রেম খেলা

মিলন বিরহ আনন্দ কষ্টের মাঝে
ইতিউতি উঁকি মারল রাইফেলের নল

রাষ্ট্রভৃত্যের গলাতেও শোনা গেল
           শালা-খানকির-বাচ্ছা

চৈত্রের মেঘে মেঘে যে মনখারাপ
তাও আমাকে ঘোরাতে চাইল লাট্টুর মতো

নদীর কোলে মাথা রেখে
আমি খানিক অধাতব হলাম

স্টেশনে দাঁড়িয়ে উজান-ভাটির মানুষদের
হাতে কোম্পানি-প্রোডাক্টের হ্যান্ডবিলের মতো
অকাতরে বিলি করলাম ন্যায়-বিচার 

তখনি কোথাও যেন একটা নিরামিষ
বিস্ফোরণ ঘটে গেল
রাজপুরোহিতরা ছুটল ঘন্টা নাড়তে

তখন ডগমগ বসন্তদিনের আশপাশে থাকা
তাবৎ মাকড়সা ও টিকটিকির যকৃত থেকে
উবে গেল তাদের অস্তিত্ব

এবার আমিও মগজকে শীতার্ত রেখে
নিজেরই মৃতদেহের মার্জিনে বসে
খানিক তন্ত্র-সাধনা করলাম

তারপর স্ল্যাপস্টিক হাতে নিয়ে
মিশে গেলাম জোকারদের মিছিলে

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...