ভাবনা ১
ডজন
১
নদীর
গতরে
যেন পরব
পড়ে গেছে
আমি হাতে তুলেছি গদ্যের গদা
২
বুকের
বোতামগুলো ঢিলে হতে হতে
কখন যেন
টুক করে খসে পড়েছে
বাতিলের
দলে নাম লেখানো
ডবল-ডেকার
বাস-ডিপোয়
৩
কতদিন
ভেবেছি
একবার ময়ূর
হয়ে যাই
আকাশে
মেঘ জমতে দেখে
মেলে দিই
বিস্তর পেখম
৪
আবার
কখনো ভেবেছি
ইহকালের
টেবিলে
একটি নির্বাণকে
চিৎ করে
শুইয়ে
তার সারা
গায়ে
একটু
একটু করে
নিজস্ব
পৌরুষ
উজার
করে দিই
৫
এইসব
অবাক জলপানের সঙ্গে
পাখি-ওড়ার
ইতিহাসটিকে
ভাঁজ
করে রাখি
ড্রয়িংরুমের
ঋতুবৈচিত্রে
৬
অথচ জানি
না কার মহিমায় সেখানে
ফুলদানিটি
আজ ভুলদানি হয়ে বসে আছে
৭
অতঃপর সেই
ক্যানভাসের গর্ভে
সাজিয়ে রাখি
হলুদ
মোমবাতি থেকে উপরে আনা
ঝিকিমিকি
আগুনের
আধপোড়া দুটি চোখ
৮
কখনো ভাবছি
এবারের শারদীয়া সংখ্যার
বিষয় করব
প্রেম
ব্যাণ্ডেজ-বাঁধা
হৃদয়ে বইয়ে দেবো
দিল-পবনের
সাড়ে-সতেরো ধামাক্কা
৯
সেকথা কানে
বাজতেই
সোনাঝুরির
হাটে গিয়ে
চলতে
ফিরতে
কত যে
প্রলাপ এল মনে
১০
প্রেম ও
প্রলাপের মাঝে
বায়োটেকনোলজির
দ্রাঘিমারেখা
সেখানে কিছু
কামড়
কখন যেন
ঘুমিয়ে পড়েছে
১১
ঝালমুড়ির
সেইসব অনার্য থেকে
বৃষ্টির
রেলগাড়ি চেপে
বাড়ি
ফিরে আসি
গেট খুলতেই
দেখি কারা যেন আজ
নেমন্তন্ন
করে ডেকে নিয়ে গেছে
আমাকে
নয়
আমার
নেমপ্লেটটিকে
১২
এবার
ভাবছি
মুথাঘাসের
বিছানায় জমে থাকা
আকণ্ঠ যানজট
থেকে
যে নতুন
যাত্রাপালা শুরু হতে চলেছে
সেখানে দু-চামচ
ব্যাভিচার থাকলে মন্দ হয় না
No comments:
Post a Comment