পারমাণবিক বোমা
দিনের ছাগল-ঝড়ে মুড়িয়ে যাই
রাতের কথকতায় গজিয়ে উঠি
আবার
আবার
আমার ডাকনামের পাশে বাটি-চচ্চড়ি
আমার ডাকনামের পাশে ভেদবমি
সুখ বা দুঃখ যাই লিখি না কেন
এখন আর কলমে কালি ভরতে হয় না
ব্যবহার করো আর ফেলে দাও
আর আছে old-age
home কিংবা olx
সমস্ত বর্ষাকাল
ডুবসাঁতারের পদচিহ্ন ধরে এগিয়ে চলি
চুইংগামের
উৎস সন্ধানে
যেদিন জেনে গেছি আমার জন্মবৃত্তান্ত আসলে
ছেঁড়া-হাওয়াই চপ্পলের ছায়া দিয়ে গড়া
সেদিন থেকেই রণে-বনে-জঙ্গলে
পচা-শামুকের গঠনতন্ত্র মেনে পথ চলি
আমার শরীরে হৃদপিণ্ড বলে কিছু আছে কিনা
এখন আর খুঁজে দেখা হয় না
তবে একথা বুঝে গেছি কয়েক লাইন গোলাপফুল
দু-চামচ ঘৃণা আর পাঁচ-রতি প্রেমকে
এক সঙ্গে মিশিয়ে নিলেই
একটা
পারমাণবিক বোমা তৈরি হয়ে যায়
No comments:
Post a Comment