Total Pageviews

Monday, August 8, 2016

জল থই-থই বর্ণমালা

জল থই-থই বর্ণমালা

কেন জানি না মাঝে মাঝে
বড়ো অস্থির হয়ে উঠি

জানলার ওপাশে বৃষ্টিভেজা গাছেদের
দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হয়

মমি-পিরামিডের দেশ থেকে এখনি
একটা ঝমঝম রেলগাড়ি এক্কেবারে
ঘাড়ের উপর এসে পড়বে

আর আমার শরীরকে দিয়ে পালন করিয়ে
নেবে নীল-শালুকের জন্মোৎসব

আমি তো জানি যে স্বপ্নগুলো এখনো
বেলগাছের ডালে বসবাস করে
তারা কেউই বেম্মদত্তি নয়

রানি-মৌমাছির নিকট প্রতিবেশী হয়ে
যত কাক-কুকুরের ডাক
তারাও কেউ রাজধর্ম মানে না

সকালটির গায়ে-গতরে ছড়িয়ে আছে
ভালুক-জ্বরের নোলক-পরা মৌন বর্ণমালা

আমি অবশ্য আমার চোখ-কান-জিভের
ভাঙা-পা পাহারা দিচ্ছি

পলেস্তারা-খসা দেয়ালের কাছ থেকে
কিছু শনির দৃষ্টি ধার নিয়ে দেখছি

বাসস্ট্যান্ডে দাঁড়ানো কয়েকটা হলুদ প্রজাপতি
তাদের মুচকি হাসি দিয়ে দখল করে নিয়েছে

এক নেই-মানুষের সব কৃষিজমি
এবং সবুজ-বিপ্লব 

নিরক্ষরতার আগুনে পোড়া বুকের ভিতর
তোর্ষা নদীটিও বেশ জল থই-থই

অতঃপর আমার ডেথ-সার্টিফিকেট 

যে-দিকে খুশি চলে যেতে পারে 

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...