নকশা
ভিখিরির
মাথায় যে চাঁদ ওঠে
তার
কোনো অতীতকাল নেই
একথা
জেনেও এই মাঝরাতে
যখন
এসেছ এই দেবদারুবনে
তখন
এক নিহত পুরুষের জন্যে
নাহয়
কিছু রগড়ই রেখে গেলে
আমি
তো জানি মায়া ও মুগ্ধতা
একই
বসন্ত-বাতাসের এপিঠ আর ওপিঠ
তবু
যে কেন ডিমের কুসুমে ঘুমিয়ে থাকা
বেলাভূমি
শুধুই বিষাদের হাসি হাসে
মকরমেলায়
গিয়ে আমিও তো স্বর্গে ওঠার
সিঁড়ির
নীচে কত কত হামাগুড়ি দিলাম
কিন্তু
কই কোনো নদীর মুদ্রাদোষই তো
আমাকে
ভেজাতে এল না
আমি
তাই সূর্যাস্তের আগেই ছায়া-ঘুঙুরের
তালে
তালে উড়িয়ে দিয়েছি সব জলরঙ
এখন
রাতপাখিদের বানানো হাসপাতালের বেডে
শুয়ে
আছি কোনো নিশিডাকের অপেক্ষায়
দেখি
যদি কোনো রুপোলি গিরিখাত
তার
রোদে-ভেজা ওড়নার ছোঁয়ায়
আমার
বুকের নকশা বদলাতে আসে
No comments:
Post a Comment