ব্রহ্মজ্ঞান
এই ঝমঝম বর্ষাকাল ব্যাঙেদের মিলন-উৎসব
আমারাই বা কেন শুধু মানুষের গলায় কথা বলি
সমস্ত ওপেন-হার্ট-সার্জারি যাচাই করে এসে
যখন বলছ আমরা দুজনে কুজনে কুজনে
কোলাকুলি ও কেলাকেলিতে সমান ওস্তাদ
তখন আর কারো অ্যাকাউন্ট হ্যাক না করে
চলো রাত বারোটার সরোদে আজ
ব্রহ্মকে নতুন করে চিনি
যদি অনুমতি দাও তবে
বৃষ্টি-ভেজা ঘাসে পা ডুবিয়ে
মোমবাতির ব্যালান্স-শিট থেকে
আমাদের কঁকিয়ে ওঠা
ডাকটিকিটগুলোকেও ডিলিট করি
তোমার ওড়নার ওই হলুদ রঙটাকেই নাহয়
ভেবে নিই
অনিশ্চিতের পকেটে যাবার আসল ফেরিঘাট
জাগতিক অস্তিত্বে এখন যারা মশার কামড় খেয়ে
মাঝরাতের ট্রেনের জন্যে অপেক্ষা করছে
তাদের জন্যে সমস্ত শুভকামনা উজাড় করে বলি
দেখে নিও
তোমার হাতে রাঁধা মৌরলামাছের টক খেয়েই
একদিন আমি ঠিক মঙ্গল-গ্রহে পৌঁছে যাব
No comments:
Post a Comment