কোমা
আইনক্সে গিয়ে যতই দু-হাতে ধরা থাক
টাব-ভর্তি পপকর্ন আর কোকের টিন
শীতাতপের গদি-আঁটা চেয়ারে বসে
আমি তো আদতে মনখারাপ-ধোয়া জল খাই
সেই কবে আমার বিড়ি-টানতে টানতে লেখা
চিত্রনাট্যে গাঢ় চুম্বনের দৃশ্যে
কখন যেন কিছু কাকডাকও ঢুকে পড়েছিল
এখন বাঁদরে-ঘেরা তীর্থ-ভ্রমণে বেরিয়ে
আমার ইঁদুরে-কাটা অস্তিত্ব
পার
করছে আর একটা বর্ষাকাল
সূর্যোদয় থেকে সূর্যাস্ত
নিয়মিত গড়িয়ে চলার এই অ্যালবামে
একরাত্রি গেস্টহাউস-বাস
পাণ্ডুলিপিতে লিখে রাখা
অন্য-আয়নায় দেখা
নিজেরই মুখের ছবি
আসলে বুঝতে পারিনি সেদিন
সাদা-পাতায় গজিয়ে ওঠা বদ্বীপ
আমার দিকে দিকে যে হাতবোমাটি ছুড়ে মেরেছিল
তারই আঘাতে
আমি
কখন যেন কোমায় চলে গেছি
No comments:
Post a Comment