এ-প্রাণের ঘোলাজলে বিস্তর আহ্লাদ ০ মুরারি সিংহ
আলোর দিকে বেজে যায় আমার লাঙল-চালানোটি
না-আলোর পাতায় লেখা হতে থাকে
আমার বেসামাল দেহতত্ত্ব
আমার গৃহসজ্জার সঙ্গে কণ্ঠিবদল করে নেয়
ঝরে-পড়া বাঁশপাতাদের হুহু
মাটিতে আমাতে এই-যে এত গোপন খুনসুটি
তাই নিয়ে কেটে যায় দিন
যদিও আমার চোখ-মুখ-নাক-কান প্রকাশ্যে দেখাতে চায়
আমি এক গভীর মানুষ
গভীর হোক অথবা অগভীর
সব সাঁতার-প্রণালীর চলনে-বলনে
এসে মেশে
তোমার ব্যক্তিগত খাজুরাহো
আমার নিজস্ব মিসিসিপি
এ-প্রাণের ঘোলাজলে বিস্তর আহ্লাদ ভেসে যায়
যদিও বুঝি না মাঝরাতের ক্যানভাসে
কোন রঙ কতটা আগ্রাসী
No comments:
Post a Comment