মনুষ্যজন্ম
আমার মনে এত যে পরস্ত্রী-কাতরতা
ও ঝরাফুল তুমি তাদের জন্যেও
একটা
গান লিখে দাও
আমি নাহয় ততক্ষণ এই হলুদ রাঙতার
প্রসববেদনার পাশে শুয়ে থাকি
আর জানলার ফাঁক দিয়ে দেখি
শ্রাবণের হাওয়ায় হাওয়ায়
সুপুরিপাতাদের ধেই-নাচ
যে-রোদ আমাকে উলুধ্বনির ভক্ত বানিয়েছে
এখন তাকেই আবার দেখছি
ডানপায়ের নখকুনিটিকে ফুঁসলে নিয়ে গিয়ে
ঝাপানমেলার মাঠে এন্তার তেলেভাজা কিনে দিচ্ছে
ও নদীজল তুমি কি শুনতে পাচ্ছ
আমার এই মনুষ্যজন্ম
No comments:
Post a Comment