Total Pageviews

Saturday, August 27, 2016

গর্ভগৃহ



গর্ভগৃহ

আমার কিছু স্বপ্ন শুয়ে থাকে গরম-ভাতের সঙ্গে
আর কিছু স্বপ্ন পাখিদের ডানাকেই ভেবে নেয়
                 জলপরিদের কণ্ঠস্বর

যখন গিন্নি-মার বাটনা-বাঁটার হাতে
সমস্ত চোরাগলি বে-লাগাম হতে থাকে

আর বুকের সব লুঠপাট
খুঁজে পায় বিশুদ্ধ উৎসব

যখন মোমবাতির আলোয়
আকরিক চাঁদও ক্রমশ অলৌকিক হয়

ঠিক তখনি আমি
এই বানানো-নগরের রক্ত-মাংসে
যত অপমান জমে আছে

সব খুলে খুলে ভরে দিই
সুরেলা ক্রোমোজোম

দেখি মানুষের ব্যস্ত-প্রতিচ্ছবিরা 
নিজেদের কক্ষপথে ঘুরপাক খেতে খেতে

ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে গিয়ে
খানিক ক্লান্তি মোচন করছে

আর সকাল হবার আগে
আলুকাবলি-অনুমোদিত নকশি-কাঁথার

ছয় ইঞ্চি নীচ দিয়ে বয়ে যাওয়া নদীজলে
তারা চুপিচুপি ফেলে আসছে

বাবুর-বাড়ির যত এঁটোকাঁটা

আমিও বেঁচে থাকার গর্ভগৃহে
ক্রমাগত সিঁড়ি ভাঙতে থাকি

এবং ভাবি আজ না হোক কাল
নিশ্চয় কুড়িয়ে পাব

মৃগনাভি বিরচিত
সেই সব বিরল হাততালিগুলি 

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...