কিছু
ভালোবাসাও নাকি ছিল
ভবে এসে ভাবের মেলায়
ফেলে যাচ্ছি কত রঙ-তামাশা
ফেলে যাচ্ছি কানাবেগুন আর
ভাঙা-ফ্লাইওভারের দিন
ফেলে যাচ্ছি মুড়িমিছরির পাশে
এক অলিখিত বুদ্ধুচরিত
স্ট্রিটলাইটের তলায় দাঁড়ালে
কিলবিল জনগণেরা আহামরি
কেউ কেউ যদিও তাদের বুকপকেটে
পুষে রাখছে কিছু টেনশন
কেউ আবার ভোলে-বাবার সামনে
নিবেদন করছে চিৎসাঁতার
পানিফল-বিক্রি
ও কাটাপোনার রক্তে
পুলিসকাকু খুঁজছে নতুন চারণ-ভূমি
মানুষেরই এক
হাজার বানান-ভুল আজ
ঘর বেঁধেছে
ছুরির আড়াই-প্যাঁচের সঙ্গে
যাবার বেলায়
যে কথাটা ওই গাছ
পাখি আর
আকাশের কাছে জানলাম
বাতাসে ছড়িয়ে
দেবার মতো
এখানে কিছু
ভালোবাসাও নাকি ছিল
No comments:
Post a Comment